টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড

· Prothom Alo

কয়েনটা মাটিতে পড়েছে। ম্যাচ রেফারি ঘোষণা করেছেন, টেইল। কিন্তু পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ মানতে নারাজ। তাঁর দাবি, কয়েনের ওপরের দিকটা হেড। দুই অধিনায়ক ঝুঁকে পড়লেন কয়েন দেখতে। দেখা গেল, সামাদের কথাই ঠিক। কয়েন ছিল হেড, ভুল ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ।

দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচের শুরুটা ছিল এমন নাটকীয়। টসের বিভ্রান্তি অবশ্য দ্রুতই কেটে গেছে। কিন্তু দুই দলের সম্পর্কের বরফ গলেনি। টসের পর হাত মেলাননি দুই অধিনায়ক। ম্যাচ শেষেও একই দৃশ্য। ক্রিকেট আবারও দেখল ‘নো হ্যান্ডশেক’।

Visit betsport.cv for more information.

এই দৃশ্য এখন আর নতুন নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আগার সঙ্গে হাত না মেলানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল এই রীতি। এরপর তা ছড়িয়ে পড়েছে নারী ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট, এমনকি ‘এ’ দলের ক্রিকেটেও। শুধু হাত মেলানো বন্ধ হয়নি, মাঠে দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই আর উত্তেজনাও বেড়েছে। দোহায় সেটিরই আরেকটি প্রদর্শনী দেখল ক্রিকেটবিশ্ব।

রানার সঙ্গে উত্তপ্ত মুহূর্ত

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। প্রথম পাঁচ ওভারেই ৫৮ রান। উদ্বোধনী জুটিতে ৬৬। ভারত স্পিন আক্রমণ আনার পর অবশ্য রানের গতি কিছুটা কমে। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান ‘এ’ দলের সংগ্রহ ৩১৩ রান।

তবে রান ওঠার পাশাপাশি মাঠে উত্তাপও ছড়িয়েছে। ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে চলেছে কথার লড়াই, চোখ রাঙানি।

প্রথম ওভারেই শামিল হুসাইনের ব্যাটে চার ও ছক্কা হজম করেন হর্ষিত রানা। পরে ব্যাট হাতে শামিলের বাউন্ডারির জবাব দিতে বাউন্সার আর কথার লড়াইয়ের পথ বেছে নেন ভারতীয় পেসার। ফিল্ডিংয়ের সময়ও ব্যাটসম্যানদের চাপে রাখার চেষ্টা করেছেন।

শামিলের ক্যাচ নেওয়ার পর তাঁকে মাঠ ছেড়ে চলে যাওয়ার ইশারা করেন রানা। কথা-কাটাকাটি হয়েছে মাজ সাদাকাতের সঙ্গেও। সাদাকাতও অবশ্য চুপ থাকেননি। পাকিস্তানের ব্যাটসম্যানদের সঙ্গে একের পর এক উত্তপ্ত মুহূর্ত তৈরি করলেও বল হাতে দিনটা ভালো কাটেনি রানার। ১০ ওভারে ৭৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

সূর্যবংশী থেকে আবার রানা

৩১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে ওপেন করেন বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সূর্যবংশী। চতুর্থ ওভারেই ইমরান রানধাওয়ার বলে আউট হন তিনি। মাঠ ছাড়ার সময় পেছন থেকে পাকিস্তানের এক খেলোয়াড় তাঁকে কিছু একটা বলেন। সূর্যবংশীও জবাব দেন। তবে বিষয়টি আর বেশি দূর গড়ায়নি। কিন্তু হর্ষিত রানার জন্য অপেক্ষা করছিল আরও একটি অস্বস্তিকর মুহূর্ত।

৪৫তম ওভারে রানধাওয়ারের ফুলটসে ক্যাচ তুলে শূন্য রানে আউট হন তিনি। ভারতের হার তখন প্রায় নিশ্চিত। মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন রানা। এ সময় তাঁর দিকে এগিয়ে যান পাকিস্তানের সুফিয়ান মুকিম। হুমকির ভঙ্গিতে কিছু বলতেও দেখা যায় তাঁকে। এক-দুজন খেলোয়াড় এসে থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ভারতের হয়ে শেষ পর্যন্ত লড়েছেন তিলক বর্মা। ১৪৯ বলে ১০০ রান করে তিনিই ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তাতে ৪৮ রানের জয় নিয়ে সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান ‘এ’ দল।

ভারতের অবশ্য আশা এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ জিতলেই সেমিফাইনালে উঠবেন তিলকেরা।

Read full story at source