২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী
· Prothom Alo

হলিউড তারকা উইল স্মিথের ছেলে ডাডেন স্মিথের প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই। ২৮ বছর বয়সী এই অভিনেতা ও সংগীতশিল্পীর সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির প্রেমের সম্পর্ক রয়েছে, এমন দাবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। শুধু প্রেম নয়, তাঁদের বাগদান হয়েছে বলেও দাবি করছেন কেউ কেউ। ভাইরাল হয়েছে তাঁদের হাত ধরে হাঁটা, চুম্বন ও ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি-ভিডিও। দুজনের বয়সের ব্যবধান ৫৪ বছর হওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
তবে চমকপ্রদ এ খবরের পেছনে বাস্তবতা একেবারেই আলাদা। অনুসন্ধানে দেখা গেছে, জেডেন ও মিশেলের প্রেমের খবরের কোনো সত্যতা নেই। বরং ভাইরাল হওয়া বেশ কিছু ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিংবা সম্পাদনা করে বানানো। এবিসি ১০ নিউজের তথ্য যাচাইয়েও দাবিগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। জেডেন কিংবা মিশেল—কেউই তাঁদের প্রেম বা বাগদানের খবর নিশ্চিত করেননি।
Visit betsport.cv for more information.
যেভাবে ছড়াল প্রেমের গুঞ্জন
এই অদ্ভুত প্রেমের গুঞ্জন শুরু হয় ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি পোস্টে। সেখানে দাবি করা হয় যে মিশেল লামির আশীর্বাদ নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন জাডেন। প্রথম দিকে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু পরে আরেকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে তাঁদের বাগদান হয়েছে।
১০ নভেম্বর থেকে এক্স ও ইনস্টাগ্রামে দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি আলোচনা শুরু হয়। ছড়িয়ে পড়ে দুজনের হাত ধরে থাকা, চুম্বন ও ঘনিষ্ঠ সেলফির ছবি। ছবিগুলো দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তোলেন, কেউ আবার ছবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
তবে অনুসন্ধানকারীরা জানিয়েছেন, ছবিগুলোর বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি পাওয়া যায়নি। কিছু ছবি এআই দিয়ে তৈরি, আবার কিছু ছবিতে অন্য আলোকচিত্র সম্পাদনা করে দুজনকে একসঙ্গে দেখানো হয়েছে। সব কটি ছবি ঠিক কীভাবে তৈরি হয়েছে, তা নিশ্চিত করা না গেলেও তাঁদের প্রেমের সম্পর্কের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।
কে এই মিশেল লামি?
ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামি শুধু পোশাকের জগতেই সীমাবদ্ধ নন। শিল্পী, পারফরমার ও সৃজনশীল উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত। ফ্যাশন, আসবাব, আতিথেয়তা ও পারফরম্যান্স আর্ট—বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। তাঁর অদ্ভুত ও স্বতন্ত্র সাজপোশাকও তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। সোনালি দাঁত, কালো রঙে রাঙানো আঙুল আর ভারী গয়না তাঁর চেহারার পরিচিত বৈশিষ্ট্য।
ফ্যাশন দুনিয়ায় আসার আগে ফ্রান্সে আইন বিষয়ে পড়াশোনা করেছেন মিশেল। কিছুদিন ফৌজদারি মামলার আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান। সেখানে পোশাকের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে ফ্যাশন ও শিল্পের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
মিশেলের ব্যক্তিজীবন নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। তিনি মার্কিন ফ্যাশন ডিজাইনার রিক ওয়েন্সের স্ত্রী। নব্বইয়ের দশকে নিজের ফ্যাশন ব্যবসার জন্য পোশাকের নকশা তৈরি করতে রিককে নিয়োগ দিয়েছিলেন মিশেল। কাজের সূত্রে পরিচয়, পরে প্রেম। ২০০৬ সালে বিয়ে করেন তাঁরা। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন ওয়েন্সকর্প। পোশাক, আসবাবসহ নানা সৃজনশীল উদ্যোগ রয়েছে তাঁদের এ প্রতিষ্ঠানের অধীনে। যদিও তাঁদের বিচ্ছেদের খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জাডেন স্মিথ: অভিনয় থেকে সংগীতে
জাডেন স্মিথের পরিচয়ও বেশ বিস্তৃত। হলিউডের অন্যতম পরিচিত পরিবারে তাঁর বেড়ে ওঠা। বাবা উইল স্মিথ, মা অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ। ২০০৬ সালে বাবার সঙ্গে ‘দ্য পারসুট অব হ্যাপিনেস’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ২০১০ সালে জ্যাকি চ্যানের সঙ্গে দ্য কারাতে কিড সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তরুণ অভিনেতা হিসেবে।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের জায়গা তৈরি করেছেন জাডেন। তবে তাঁর ব্যক্তিজীবন, পোশাক-আশাক ও নানা ব্যতিক্রমী কর্মকাণ্ড প্রায়ই আলোচনায় আসে। এবার ৫৪ বছর বয়সের ব্যবধানের এক প্রেমের গুঞ্জন তাঁকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
এবিসি ১০ নিউজ অবলম্বনে