ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গান, কবিতা আর নৃত্যের ছন্দে ‘নবান্ন উৎসব ১৪৩৩’ আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন আবর্তন। বাংলার শিকড়ের গল্প, গ্রামীণ জীবনের সৌন্দর্য ও লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ উৎসবের মঞ্চে উঠে আসে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার বিকেলে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Visit sportbet.reviews for more information.

শিল্পীরা উৎসবে গান, কবিতা ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরেন। বাংলার লোকজ ঐতিহ্য শিল্পীদের পরিবেশনায় প্রাণ পায়। বকুলতলার চেনা পরিবেশ যেন বাংলার গ্রামীণ সংস্কৃতির এক মিলনমেলা হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির অংশ। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এসব সংস্কৃতি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর গ্রামগঞ্জে ও বিভিন্ন অঞ্চলে এ ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে সংস্কৃতির শিকড় ধরে রাখার চেষ্টা চলে।

প্রতিমন্ত্রী বলেন, ‘যাঁরা আজ এখানে আয়োজন করেছেন, তাঁরা আমাদের সংস্কৃতির শিকড় ধরে রাখার চেষ্টা করছেন। এটি প্রশংসনীয় উদ্যোগ। তাঁদের ধন্যবাদ জানাই।’
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী নানা ভাষাভাষী জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি রয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এসব সংস্কৃতিকে বিকশিত করতে এবং দেশের সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে কাজ করছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসে দীর্ঘ সময়ব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, চারুকলা, সাহিত্য, গ্রামীণ সংস্কৃতি, বই পড়া, গ্রন্থাগার, প্রত্নতত্ত্বসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্র স্থান পাবে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আয়োজকদের প্রশংসা করে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড একবার আয়োজন করে থেমে গেলে চলে না। ধারাবাহিকভাবে কাজ করে যেতে হয়। তাতে সংস্কৃতি বিকশিত হয় এবং শিকড় ক্রমেই গভীরে প্রোথিত হয়।

অন্যদিকে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘আদি নববর্ষ ও নবান্ন মেলা’র আয়োজন করে। বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই মেলার স্লোগান ছিল ‘অন্যায়ের বিরুদ্ধে আজীবন’।

Read full story at source