গোল ঠেকাতে ঠেকাতে উনিশেই বিশ্ব জয় করে ‘সোনার ছেলে’ কুবারসি

· Prothom Alo

পারিবারিক ছবিগুলোর কথা ভাবুন তো। সবাই সেজেগুজে দাঁড়িয়েছে। দাদি মাঝখানে, বাচ্চারা সামনে, কেউ কেউ চোখ বুজে ফেলেছে শেষ মুহূর্তে। ছবিটা উঠে গেল, সবাই হাসল। কেউ জানতেও চাইল না, কে তুলল ছবিটা। অথচ ফ্রেম ঠিক করা, আলো মাপা, সবার মুখ একসঙ্গে ধরে রাখা, পুরো কাজটাই তাঁর। তিনি থাকেন ছবির বাইরে। তাঁর পরিশ্রম দেখা যায় শুধু ছবিটা সুন্দর হলে, আর তখনো কেউ তাঁর নাম মনে রাখে না।
ফুটবলে এই মানুষটার নাম ডিফেন্ডার।

Visit afsport.lat for more information.

গোলের ছবি সবাই রাখে। গোলের উদ্‌যাপন, আঙুল তোলা, জার্সি খুলে ফেলা, গ্যালারির উন্মাদনা। কিন্তু যে গোলটা হয়নি, তার কোনো ছবি হয় না। সময়মতো পা বাড়িয়ে দেওয়া, ঠিক সেকেন্ডে শরীরটা ঘুরিয়ে নেওয়া, বিপক্ষের ফরোয়ার্ডকে এমন কোণে ঠেলে দেওয়া, যেখান থেকে শট নেওয়া যায় না। এসব কাজের কোনো ফ্রেম নেই। কোনো পোস্টার নেই।
সেই কারণেই ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কারের খবরটা এত মিষ্টি লাগছে।

পুরস্কারটি এ বছর জিতেছেন বার্সেলোনার সেন্টারব্যাক পাউ কুবারসি। বয়স মাত্র ১৯। ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারের এই পুরস্কার ২০০৩ সালে চালু করেছিল ইতালির দৈনিক তুত্তোস্পোর্ত। এবারই প্রথম এটি দেওয়া হলো ফুটবল–বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের সঙ্গে যৌথভাবে।

পাউ কুবারসি: কাঠমিস্ত্রির ছেলের বিশ্বজয়

বছরটা কুবারসির জন্য এমনিতেই ছিল স্বপ্নের মতো। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা। বিশ্বকাপের পর ট্রান্সফার মার্কেটের বাজারদর হালনাগাদে তাঁর মূল্য ৮ কোটি থেকে বেড়ে হয়েছে ১০ কোটি ইউরো। আর্সেনালের উইলিয়াম সালিবার সঙ্গে যৌথভাবে তিনি এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার।

বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার হাতে কুবারসি


এবার একটা সংখ্যার দিকে তাকান। স্পেনের বিশ্বকাপ জয়ের পথে কুবারসি এক মিনিটও মাঠের বাইরে থাকেননি। এক মিনিটও না! ব্যাপারটা ভাবুন। এক মাসের টুর্নামেন্ট, প্রতি ম্যাচে বিশ্বের সেরা আক্রমণভাগ, প্রতি মুহূর্তে ভুলের শঙ্কা—আর ১৯ বছর বয়সী এই ছেলেটি পুরো সময় সেই চাপ সয়ে গেছে। এত অল্প বয়সে স্নায়ুচাপ এভাবে ধরে রেখে দারুণ খেলে যাওয়া অনেকের পক্ষেই অসম্ভব। কুবারসি ক্লাবেও ছিলেন নিয়মিত মুখ। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই ছেলেটি এখন আর ‘প্রতিশ্রুতি’ নন, তিনি বিশ্বজয়ী।

পুরস্কারটির একটা নিয়ম আছে। প্রত্যেক খেলোয়াড় একবারই এটি জিততে পারেন। তাই এই ট্রফির ইতিহাস আসলে নতুন নতুন নামের লম্বা সারি। সেই সারিতে কুবারসির আগে বার্সেলোনারই তিনজন আছেন। পেদ্রি (২০২১), গাভি (২০২২) আর লামিনে ইয়ামাল (২০২৪)। গত বছর জিতেছিলেন পিএসজির দেজিরে দুয়ে। এই তালিকায় মাঝমাঠের জাদুকর আছেন, আছেন উইঙ্গার, আছেন চোখধাঁধানো আক্রমণকারী। রক্ষণের লোক আছেন কুবারসি ছাড়া কেবল একজন, ২০১৮ সালে পুরস্কার জেতা মাথিয়াস ডি লিট।

বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন কুবারসি


বাছাইয়ের পথটাও কম কঠিন ছিল না। ট্রান্সফার মার্কেটের তৈরি একটি ব্যবস্থায় ‘ইউরোপিয়ান গোল্ডেন বয় টপ ১০০’ তালিকা বানানো হয়েছিল। এতে ছিলেন ২০০৬ সাল বা তার পরে জন্মানো, ইউরোপের সবচেয়ে শক্তিশালী ২৫টি লিগের যেকোনোটিতে খেলা তরুণেরা। মাপকাঠি ছিল খেলার পরিসংখ্যান, সম্ভাবনা, লিগ ও ক্লাবের শক্তি আর বাজারদর। অক্টোবরের শুরুতে সেই তালিকা ছোট হয়ে এসেছিল ২৫ জনে। সেখান থেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ জুরি বেছে নিয়েছেন কুবারসিকে। সোনার ছেলে হিসেবে!

অভিষেকেই ম্যাচসেরা, ওসিমেনও ‘পকেটবন্দী’, রেকর্ড বইয়ে কুবারসি

Read full story at source