সোনারগাঁয়ে তিন গ্রামে শিয়ালের কামড়ে শিশু-নারীসহ আহত ১৫

· Prothom Alo

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সনমান্দি ইউনিয়নের সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে আছেন সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, ফয়সাল ও শিশু আবদুল্লাহ; ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আবদুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Visit bettingx.bond for more information.

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গতকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি শিয়াল লোকালয়ে ঢুকে বাড়ির আঙিনা ও সড়কে থাকা লোকজনকে আক্রমণ করতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত দেলোয়ার হোসেন বলেন, গতকাল বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। ওই অবস্থায় হঠাৎ একটি শিয়াল এসে তাঁর পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়।

আহত লিটন বলেন, শিয়ালগুলো একজনকে কামড়ে দ্রুত অন্যজনের ওপরও হামলা করছিল। এতে সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

আহত ব্যক্তিদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে বলে জানান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব। তিনি বলেন, সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। বন্য প্রাণী-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

Read full story at source