রংপুরে বাসচাপায় মাদ্রাসার সুপার নিহত, মহাসড়ক অবরোধ করে বাসে আগুন
· Prothom Alo
রংপুর-ঢাকা মহাসড়কে বাসের চাপায় এক মাদ্রাসার সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন।
Visit newssport.cv for more information.
আজ রোববার সকাল ১০টার দিকে রংপুরের মডার্ন মোড় তুলা গবেষণাকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত আবুল কাশেম রংপুর সদর উপজেলার জিয়াতপুকুর দাখিল মাদ্রাসার সুপার এবং নগরীর ধর্মদাস মিলনপাড়া জামে মসজিদের খতিব ছিলেন। তিনি ধর্মদাস মিলনপাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়ায়।
পুলিশ, স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, রংপুর থেকে ঢাকাগামী আর এম স্পেশাল পরিবহনের একটি বাস সকাল নয়টার দিকে মডার্ন মোড়ে পেছনের দিকে ঘুরতে যায়। এ সময় বাসটি পেছনে থাকা পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাসটি আটকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেনদুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাসটি আটকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
সকাল ১০টার পর একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন আর এম স্পেশাল পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
রংপুর মহানগর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত আবুল কাশেমের লাশ পরিবার নিয়ে গেছে। বাসের চালক মর্তুজাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।