মাত্র চার সেকেন্ডে নিরাপত্তাবলয় ভেঙে কীভাবে ট্রাম্পের নৈশভোজে ঢোকার চেষ্টা করেছিলেন বন্দুকধারী

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৈশভোজে হামলার ঘটনায় কৌঁসুলিরা নতুন ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত সাংবাদিকদের ওই নৈশভোজ চলার সময় এক বন্দুকধারী হুট করে ওয়াশিংটন হিলটন হোটেলের ডোরওয়েতে ঢুকে পড়েন এবং নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করেন। আর এ কাজটি করতে তাঁর সময় লেগেছে মাত্র চার সেকেন্ড।

Visit michezonews.co.za for more information.

সিসি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর এক সদস্য দৌড়ে আসা ওই বন্দুকধারীর দিকে গুলি চালাচ্ছেন। হামলাকারীর হাতে একটি লম্বা নলযুক্ত অস্ত্র ছিল। তবে তিনি নিজে গুলি ছুড়েছিলেন কি না, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।

তদন্তকারীরা বলেছেন, গত শনিবার হিলটন হোটেলে ওই ঘটনার একপর্যায়ের অভিযুক্ত হামলাকারী হোঁচট খেয়ে পড়ে যান এবং ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে ভিডিওটিতে এমন কোনো অংশ দেখা যায়নি।

৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের ওই সন্দেহভাজনের বিরুদ্ধে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে দোষ স্বীকার বা অস্বীকার করে আদালতে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তিনি।

মার্কিন বিচার বিভাগ বলেছে, নৈশভোজের আগের দিন হোটেলে অতিথি হিসেবে চেকইন করেছিলেন অ্যালেন। ওই সময় তিনি এলাকাটি পর্যবেক্ষণ করছিলেন বলে ভিডিওতে দেখা গেছে।

কৌঁসুলিদের মতে, নৈশভোজ অনুষ্ঠানের আগের দিন সন্দেহভাজনকে ওয়াশিংটন হিলটন হোটেলের একটি করিডর দিয়ে হাঁটতে দেখা যায় এবং পরে তিনি জিমেও ঢোকেন। অভিযুক্ত ব্যক্তি একটি আধা স্বয়ংক্রিয় পিস্তল, একটি পাম্প অ্যাকশন শটগান এবং তিনটি ছুরি বহন করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি টেরেস লেভেল দিয়ে দৌড়াচ্ছিলেন—যা হোটেলের বেজমেন্টে থাকা বলরুমের এক তলা ওপরে। ওই বলরুমেই সাংবাদিকদের ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

গুলির শব্দ শোনামাত্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মন্ত্রিসভার সদস্য এবং হোয়াইট হাউসের অন্য কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জিনিন পিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন ভিডিওটি প্রকাশ করেন। শনিবারের ঘটনার পর ট্রাম্প নিজে যে ভিডিও ক্লিপটি প্রকাশ করেছিলেন, তার তুলনায় এ ভিডিওটিকে আরও উন্নত মানের বলে মনে হচ্ছে।

সর্বশেষ প্রকাশিত ফুটেজে দেখা যায়, হোটেলের একটি নিরাপত্তা চেকপয়েন্টের চারপাশে প্রায় এক ডজন নিরাপত্তা কর্মকর্তা অবস্থান করছেন। এক ব্যক্তি গাঢ় রঙের লম্বা কোট পরে করিডর দিয়ে হেঁটে একটি দরজার ভেতরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর কোট খুলে ফেলে সেই বন্দুকধারী আবার বেরিয়ে আসেন এবং দ্রুত একটি মেটাল ডিটেক্টর অতিক্রম করে দৌড়ে যান।

কৌঁসুলিদের দাখিল করা নথি অনুযায়ী, ওই ব্যক্তির কোটের ভেতরে একটি ১২ গেজ শটগান লুকানো ছিল।

ফুটেজে দেখা যায়, এক কর্মকর্তা তাঁর হ্যান্ডগান বের করে সন্দেহভাজন ব্যক্তির দিকে গুলি চালাচ্ছেন। তবে কৌঁসুলিরা বলেছেন, ওই গুলি সন্দেহভাজনের গায়ে লাগেনি।

মার্কিন সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র বৃহস্পতিবার বিবিসিকে বলেছেন, ওই কর্মকর্তার বুলেটপ্রুফ জ্যাকেটে গুলির আঘাত লেগেছিল, তবে তিনি গুরুতর আহত হননি।

ওই কর্মকর্তার বুলেটপ্রুফ জ্যাকেটে সন্দেহভাজনের গুলি লেগেছে, নাকি ঘটনাস্থলে উপস্থিত অন্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যের গুলি লেগেছে, তা নিয়ে ব্যালিস্টিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন।

কৌঁসুলিরা বলেছেন, এ সেলফিগুলোতে কোল টসাস অ্যালেনকে তাঁর অস্ত্রসহ দেখা যায়

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জিনিন পিরো লিখেছেন, ‘এ ঘটনাটি নিজেরাই নিজেদের গুলিতে আঘাত পাওয়ার মতো ঘটনা কি না—এমন কোনো প্রমাণ নেই।’

গত বুধবার আদালতে কৌঁসুলিদের দাখিল করা নথিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত অ্যালেনকে হেফাজতে রাখার অনুরোধ জানানো হয়েছে। সেখানে কোনো কর্মকর্তার গুলিবিদ্ধ হওয়ার কথা উল্লেখ নেই।

সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তার বরাতে নথিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি চেকপয়েন্ট অতিক্রম করে যান এবং বলরুমের দিকে যাওয়ার সিঁড়ির দিকে শটগান তাক করে গুলি ছোড়েন।

এটি আগের অভিযোগপত্রে উল্লেখিত বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। আগের অভিযোগপত্রে বলা হয়েছিল, সন্দেহভাজনের ছোড়া একটি গুলি এসে একজন কর্মকর্তার বুলেটপ্রুফ জ্যাকেটে আঘাত করেছিল।

এদিকে অ্যালেনের আইনজীবীরা কৌঁসুলিদের এ দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মক্কেল আগে গুলি চালিয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

বৃহস্পতিবার মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান ফক্স নিউজকে বলেন, ‘আমি যত প্রমাণ দেখেছি, তাতে মনে হয়েছে সন্দেহভাজন ব্যক্তি খুব কাছ থেকে আমাদের কর্মকর্তাকে শটগান দিয়ে গুলি করেছে। কাছ থেকে বুকে গুলি খাওয়ার পরও আমাদের কর্মকর্তা সাহসিকতার সঙ্গে পাল্টা গুলি চালান এবং পাঁচটি গুলি ছুড়তে সক্ষম হন।’

কারান আরও বলেন, ‘দেখা যাচ্ছে, কর্মকর্তার সঙ্গে সংঘর্ষের সময় সন্দেহভাজন ব্যক্তি আমাদের একটি ম্যাগনেটোমিটার বক্সের সঙ্গে হাঁটুতে আঘাত পেয়ে মাটিতে পড়ে যেতে শুরু করেন।

ঠিক সেই মুহূর্তে কর্মকর্তারা এবং এজেন্টরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে নিয়ন্ত্রণে আনেন।’

হত্যাচেষ্টা ছাড়াও অ্যালেনের বিরুদ্ধে আরও কিছু অভিযোগও আনা হয়েছে।এর মধ্যে রয়েছে—অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে আগ্নেয়াস্ত্র বহন করা এবং সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা। এই দুটি অভিযোগের প্রতিটির সর্বোচ্চ শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড।

ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় আটক অ্যালেনের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ

Read full story at source