আল্লাহর ভালোবাসা বাড়বে যে ১০ আয়াত পাঠে
· Prothom Alo

এই মহাবিশ্বের সব ভালোবাসার উৎস স্বয়ং আল্লাহ–তাআলা। মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি সেই প্রেম ও অনুরাগ বৃদ্ধি করতে এবং তাঁর প্রিয় বান্দা হতে পবিত্র কোরআনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
Visit sportbet.reviews for more information.
আল্লাহর ভালোবাসা গভীর করতে সহায়ক এমন ১০টি আয়াত দেওয়া হলো:
১. মুমিনের প্রধান ভালোবাসা আল্লাহ
ইমানের পূর্ণতা আসে যখন মানুষের কাছে অন্য সবকিছুর চেয়ে মহান আল্লাহর ভালোবাসাই শ্রেষ্ঠ ও সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়।
উচ্চারণ: ওয়া মিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ।
অর্থ: মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যদের সমকক্ষ বানায় এবং তাদের আল্লাহর মতো ভালোবাসে। কিন্তু যারা ইমান এনেছে, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। (সুরা বাকারা, আয়াত: ১৬৫)
২. রাসুলের অনুসরণে মিলবে আল্লাহর প্রেম
আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সহজ পথ হলো তাঁর প্রেরিত রাসুলের (সা.) সুন্নাহ ও জীবনাদর্শ অনুসরণ করা।
উচ্চারণ: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
অর্থ: বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো; আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। (সুরা আলে ইমরান, আয়াত: ৩১)
৩. ভালোবাসার পারস্পরিক বন্ধন
মুমিন যেমন আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাঁর অনুগত বান্দাদের নিজের ভালোবাসার চাদরে আগলে রাখেন।
উচ্চারণ: ইয়া আইয়্যুহাল্লাযিনা আমানু মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দিনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু।
অর্থ: হে ইমানদারগণ! তোমাদের মধ্যে যে নিজের ধর্ম থেকে ফিরে যাবে, আল্লাহ এমন কিছু লোক নিয়ে আসবেন যাদের তিনি ভালোবাসেন এবং তারাও তাঁকে ভালোবাসে। (সুরা মায়িদা, আয়াত: ৫৪)
৪. প্রিয় বস্তু দান ও ঐশী প্রেম
নিজের প্রিয় সম্পদ ও বস্তু কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করার মাধ্যমেই তাঁর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন ঘটে।
উচ্চারণ: ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন।
অর্থ: এবং আল্লাহর ভালোবাসায় আত্মীয়স্বজন, এতিম ও মিসকিনদের সম্পদ দান করে। (সুরা বাকারা, আয়াত: ১৭৭)
৫. আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন
মানুষের উপকার করা, ক্রোধ সংবরণ এবং ক্ষমাশীলতা—এই মহৎ গুণগুলো একজন মানুষকে আল্লাহর প্রিয় করে তোলে।
উচ্চারণ: ওয়াল কাযিমিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
অর্থ: যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৪)
৬. তওবাকারীর প্রতি বিশেষ অনুগ্রহ
ভুল হয়ে গেলে অনুতপ্ত হয়ে ফিরে আসা বান্দাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। পবিত্রতা ও তওবা স্রষ্টার নৈকট্য লাভের সোপান।
উচ্চারণ: ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
অর্থ: নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। (সুরা বাকারা, আয়াত: ২২২)
৭. বিপদে অটল থাকাই প্রেমের দাবি
কঠিন পরিস্থিতিতেও যারা ইমানের পথে অবিচল থাকে এবং নতি স্বীকার করে না, আল্লাহ তাদের নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেন।
উচ্চারণ: ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দা'উফু ওয়ামাস তাকানু, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরীন।
অর্থ: আল্লাহর পথে তাদের যা কিছু বিপদ আসুক না কেন তারা দুর্বল হয়নি এবং দমে যায়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান, আয়াত: ১৪৬)
৮. ব্যাপক রহমত ও করুণা
সৃষ্টি জগতের প্রতিটি অণু-পরমাণুতে স্রষ্টার রহমত মিশে আছে। যারা তাকওয়া অবলম্বন করেন, তাঁরাই এই অসীম করুণার ভাগীদার হন।
উচ্চারণ: ওয়া রাহমাতি ওয়াসি'আত কুল্লা শাইয়িন ফাসা আকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনায যাকাত।
অর্থ: আর আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে। সুতরাং আমি তা তাদের জন্য লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করে এবং জাকাত দেয়। (সুরা আরাফ, আয়াত: ১৫৬)
৯. মুমিনদের প্রতি রাসুলের মমতা
রাসুলের (সা.) উম্মতের প্রতি মমতা মূলত আল্লাহরই করুণার বহিঃপ্রকাশ। এই মমতাকে ধারণ করেই আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব।
উচ্চারণ: লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযিযুন আলাইহি মা আনিত্তুম... বিল মুমিনিনা রাউফুর রাহিম।
অর্থ: অবশ্যই তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসুল। তোমাদের কষ্ট তাঁর জন্য কষ্টদায়ক। তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। (সুরা আত-তাওবা, আয়াত: ১২৮)
১০. সুন্দর আচরণে আল্লাহর সান্নিধ্য
নিজেদের ধ্বংসের পথে ঠেলে না দিয়ে মানুষের সঙ্গে সদ্ব্যবহার এবং সুন্দর কাজ করার নির্দেশই হলো প্রকৃত ভালোবাসা।
উচ্চারণ: ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন।
অর্থ: আর সৎকাজ করো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা বাকারা, আয়াত: ১৯৫)
মুমিনের জীবনের মূল লক্ষ্যই হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা। আমাদের যাপিত জীবন যদি কোরআনের এই বিধানগুলো অনুযায়ী পরিচালিত হয়, তবেই হৃদয়ে পরম শান্তির ফল্গুধারা বইবে।
আল্লাহ আমাদের তাঁর একনিষ্ঠ প্রেমিক হিসেবে কবুল করুন। আমিন।
বিপদের দিনে শক্তি জোগাবে কোরআনের ১০ আয়াত