বুকারের হ্রস্ব তালিকায় যে ছয় বই

· Prothom Alo

২০২৬ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের হ্রস্ব তালিকা ঘোষণা করা হয়েছে। এ তালিকায় থাকা ছয় লেখক হলেন ড্যানিয়েল কেলম্যান, মারি এনদিয়ায়ে, ইয়াং শুয়াং-জি, রেনে কারাবাশ, শিদা বাজইয়ার ও আনা পাওলা মাইয়া।

Visit catcross.biz for more information.

ইংরেজিতে অনূদিত সেরা কথাসাহিত্যকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড। এই অর্থমূল্য লেখক ও অনুবাদক সমানভাগে পাবেন। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১৯ মে।

রস বেঞ্জামিন অনূদিত দ্য ডিরেক্টর উপন্যাসের জন্য দ্বিতীয়বারের মতো হ্রস্ব তালিকায় স্থান পেয়েছেন জার্মান লেখক ড্যানিয়েল কেলম্যান। চলচ্চিত্র নির্মাতা জি ডব্লিউ পাবস্ট এবং নাৎসি জার্মানির সঙ্গে
তাঁর জড়িয়ে পড়ার জীবন থেকে অনুপ্রাণিত এই উপন্যাস।

জর্ডান স্টাম্প অনূদিত দ্য উইচ উপন্যাসের জন্য প্রথমবারের মতো হ্রস্ব  তালিকায় স্থান পেয়েছেন ফরাসি লেখিকা মারি এনদিয়ায়ে। এটি ডার্ক কমেডি ঘরানার উপন্যাস, যা মূলত ১৯৯৬ সালে ফরাসি ভাষায় প্রকাশিত হয়েছিল। এনদিয়ায়ে এর আগে ২০১৬ সালে এই পুরস্কারের জন্য দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিলেন।

তাইওয়ানের লেখক ইয়াং শুয়াং-জি তাঁর তাইওয়ান ট্র্যাভেলগ উপন্যাসের জন্য হ্রস্ব তালিকায় স্থান পেয়েছেন। লিন কিং অনূদিত এই উপন্যাসে ১৯৩০–এর দশকের ঔপনিবেশিক শাসনাধীন তাইওয়ানে এক জাপানি নারীর ভ্রমণকাহিনি তুলে ধরা হয়েছে। ২০২০ সালে মান্দারিন ভাষায় প্রথম
প্রকাশিত হওয়ার পর উপন্যাসটি তাইওয়ানের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা ‘গোল্ডেন ট্রাইপড পুরস্কার’ জিতেছিল।

এ হ্রস্ব তালিকায় দুটি নতুন বই স্থান পেয়েছে। জার্মান লেখক শিদা বাজইয়ারের লেখা ও রুথ মার্টিন অনূদিত দ্য নাইটস আর কোয়ায়েট ইন তেহরান, যা একটি ইরানি পরিবারের বিপ্লব ও নির্বাসনের কাহিনি। বুলগেরিয়ার লেখক রেনে কারাবাশের লেখা ও ইজিডোরা অ্যাঞ্জেল অনূদিত শি হু রিমেইনস, এটি পিতৃতান্ত্রিক আলবেনীয় সম্প্রদায়ের প্রেক্ষাপটে বেড়ে ওঠার গল্প।

এ তালিকায় আরও রয়েছে ব্রাজিলের লেখক আনা পাওলা মাইয়ার লেখা এবং পদ্মা বিশ্বনাথন অনূদিত অন আর্থ অ্যাজ ইট ইজ বিনিথ। এটি একটি ছোট উপন্যাস, যার প্রেক্ষাপট দাসপ্রথা।

বিচারক কমিটির প্রধান ও লেখক নাতাশা ব্রাউন বলেছেন, ‘গত শতাব্দীর বিভিন্ন মুহূর্তকে ধারণ করা এই ছয়টি বই ইতিহাসকে সামনে এনেছে।’

ছয়জন লেখকের মধ্যে পাঁচজন নারী, ছয়জন অনুবাদকের চারজন নারী। বইগুলো মূলত পাঁচটি ভাষায় লেখা হয়েছে এবং আট দেশের লেখক ও অনুবাদক কাজ করেছেন।

বিচারক কমিটি দীর্ঘ তালিকায় থাকা ১৩টি বই থেকে ৬টি বই নির্বাচন করে। হ্রস্ব তালিকায় থাকা প্রতিটি বই পাঁচ হাজার পাউন্ড পাবে। গত বছর এই পুরস্কার জিতেছিলেন লেখক বানু মুশতাক ও অনুবাদক দীপা ভাস্তি।

সূত্র: দ্য গার্ডিয়ান

● গ্রন্থনা: রবিউল কমল

Read full story at source