ফাল্গুনী আড্ডায় বসন্ত ও ভালোবাসার জয়গান
· Prothom Alo

ঋতুরাজ বসন্তের প্রথম দিন আর বিশ্ব ভালোবাসা দিবস, এই দ্বৈত উৎসবের রঙে মেতেছিল বন্দরনগরী চট্টগ্রাম। প্রকৃতিতে ফাল্গুনের আগুনরাঙা রূপ আর মনে ভালোবাসার টান নিয়ে নগরীর জাতিসংঘ পার্কে ১৪ ফেব্রুয়ারি এক প্রাণবন্ত আড্ডায় মিলিত হন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।
‘ফাগুনী আড্ডায় ভালোবাসা’ শিরোনামে বন্ধু সামিয়া সুলতানা ও ওয়াসিম আকরামের সাবলীল উপস্থাপনায় শুরু হয় আড্ডা। শুভেচ্ছা বক্তব্যে সহসভাপতি নুরুজ্জামান খান বলেন, ‘বসন্ত আর ভালোবাসা দিবস আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে কাটাতে ভীষণ পছন্দ করি। পরিবারের ভালোবাসাই জীবনের মূল শক্তি।’
Visit truewildgame.online for more information.
চট্টগ্রাম বন্ধুসভার বসন্তবরণগানের সুরে আড্ডায় ভিন্ন মাত্রা যোগ করেন বন্ধু দেবশ্রী নন্দী। তাঁর কণ্ঠে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানের তালে নেচে-গেয়ে মেতে ওঠেন সবাই।
বন্ধু ফয়সাল হাওলাদার ভালোবাসা দিবসে তাঁর মায়ের স্মৃতিচারণা করেন। মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের গল্প বলার পাশাপাশি তিনি চমৎকার জাদু প্রদর্শনী করে সবাইকে তাক লাগিয়ে দেন।
অন্যতম আকর্ষণ ছিল বন্ধু শান্ত বড়ুয়ার স্বরচিত কবিতাপাঠ। ফাল্গুন ও ভালোবাসাকে কেন্দ্র করে তিনি লিখে আনেন বিশেষ কবিতা ‘প্রচ্ছন্ন ভালোবাসা’। নিজের কবিতাটি আবৃত্তি করে শোনান তিনি, যেখানে ফুটে উঠেছে যাপিত জীবনের নানা ভালোবাসার গল্প।
নগরীর জাতিসংঘ পার্কে চট্টগ্রাম বন্ধুসভার বসন্তবরণস্মৃতিচারণায় উপদেষ্টা ফাহিম উদ্দিন তাঁর সন্তানের নানা কর্তৃক ভিডিও কলের মাধ্যমে জানানো শুভেচ্ছা ও নাতির প্রতি ভালোবাসার এক আবেগঘন গল্প শোনান। আরেক উপদেষ্টা শিহাব জিসান বলেন, ‘ভালোবাসা আসলে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। ফাল্গুন মানে যেমন নতুন স্বপ্ন আর নতুন করে বেঁচে ওঠা, তেমনি ভালোবাসা হলো হৃদয়ের গভীর থেকে আসা এক নির্মল অনুভূতি, প্রকৃত মানুষ হতে শেখায়।’ তিনি শৈশব ও বন্ধুদের সঙ্গে কাটানো বসন্তের স্মৃতি রোমন্থন করেন।
কথামালা শেষে আবারও শুরু হয় গানের আসর। বন্ধু অর্ঘজিৎ ও গিটারিস্ট মিশেলের জাদুকরি পারফরম্যান্সে বসন্ত আবাহনের গানগুলো আসরকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সহসভাপতি ইব্রাহীম তানভীর বন্ধুসভার সঙ্গে তাঁর দীর্ঘ বছরের বসন্ত উদ্যাপনের অভিজ্ঞতা শেয়ার করেন।
আড্ডায় সপরিবার উপস্থিত ছিলেন বন্ধু মিশু ইসরাত। প্রিয়তম স্বামী ও সন্তানকে নিয়ে বসন্তের এই বিকেলে বন্ধুদের সান্নিধ্যে আসতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। তাঁরা দুজনই তাঁদের বিবাহিত জীবনের আগের ও পরের বসন্তের স্মৃতিগুলো বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন। সবশেষে মিশু ইসরাতের কণ্ঠে ‘বসন্ত এসে গেছে’ গানের সমবেত সুরের মূর্ছনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বইমেলা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা